মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল, বিভাগ, শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সকাল ৬টা ১৫ মিনিটে কালো ব্যাচ ধারণ, প্রশাসনিক ভবন-এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।