নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
এ সময় চেকপোস্টগুলোতে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ৩ টায় নোয়াখালী জেলা শহরেরে নতুন বাস স্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসিয়ে তালাশী কার্যক্রম পরিচালনা করেন নোয়াখালী র্যাব -১১,সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।
এ সময় তিনি বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে জানানোর অনুরোধও করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে এই কার্যক্রম চলবে।