বেনাপোল প্রতিনিধি : ৩ বছর আগে যশোরের বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া থেকে আধাকেজি হেরোইনসহ আটক সবুজ ওরফে গুড্ড নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুন) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. আসাদুজ্জামান।
সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে গুড্ড অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের শেকমত মোল্লা ওরফে হেকমত মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ছোটআঁচড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আধাকেজি হেরোইনসহ সবুজ ওরফে গুড্ডকে আটক করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই এইচ এম এ লতিফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন। পরে তদন্ত শেষে আসামি সবুজ ওরফে গুড্ডকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন। এই মামলায় আসামি সবুজ ওরফে গুড্ডর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।






