শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সহজেই ছবি থেকে এআই ভিডিও তৈরির কৌশল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন
সহজেই ছবি থেকে এআই ভিডিও তৈরির কৌশল


একসময় যে কাজটি করতে লাগতো দামি ক্যামেরা, পেশাদার ভিডিও সম্পাদক আর দীর্ঘ সময়, আজ হাতের স্মার্টফোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে তা হয়ে উঠেছে অনেকটাই হাতের মুঠোয়। গ্যালারিতে জমে থাকা একটি সাধারণ স্থির ছবিতেও এখন যুক্ত করা যাচ্ছে বাস্তবসম্মত নড়াচড়া, আলো-ছায়ার খেলা আর সিনেমার মতো আবহ। ফেসবুক রিলস, ইউটিউব শর্টস কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে এ ধরনের ছোট ভিডিও বেশ সাড়া ফেলছে, অনেকের কাছে এটি যেমন সৃজনশীল প্রকাশের মাধ্যম, তেমনি নিয়মিত কনটেন্ট তৈরির মাধ্যমে আয়ের একটি পথও খুলে দিয়েছে।

মূলত তিনভাবে ছবি থেকে ভিডিও তৈরি করা যায়। একটি ছবিতে কৃত্রিম নড়াচড়া যোগ করা, ছবি ও নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করে ছোট ভিডিও তৈরি এবং একাধিক ছবি দিয়ে গান ও বিভিন্ন দৃশ্য পরিবর্তনের মাধ্যমে স্লাইডশো বানানো। আসুন জেনে নেই, ছবি থেকে সহজেই এআই ভিডিও তৈরির কৌশল…

১. এআই টুল দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি

গুগল-এর জেমিনিসহ বিভিন্ন এআই ভিডিও তৈরির টুলে ছবি আপলোড করে সেটিকে কীভাবে নড়াচড়া করতে হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া যায়। যেমন, কোনো ছবিতে থাকা ব্যক্তি মৃদু হাসবেন, বাতাসে তার চুল বা ওড়না নড়বে কিংবা ক্যামেরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাবে।

এ ক্ষেত্রে ছবির সঙ্গে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট লিখতে হয়। সাধারণত এ ধরনের টুলে ৫ থেকে ১০ সেকেন্ডের ছোট ভিডিও তৈরি করা যায়। তবে কোন টুলে এ সুবিধা পাওয়া যাবে, তা ব্যবহারকারীর অবস্থান ও সাবস্ক্রিপশন পরিকল্পনার ওপর নির্ভর করতে পারে। বিনা মূল্যের সংস্করণে ভিডিও তৈরির সংখ্যাও সীমিত থাকে।

২. স্থির ছবিতে নড়াচড়া যোগ করা

কিছু ছবি সম্পাদনার অ্যাপে ‘লাইভ ফটো’, ‘মোশন’ বা ‘সিনেম্যাটিক ফটো’ নামে বিশেষ সুবিধা রয়েছে। এসব সুবিধা ব্যবহার করে স্থির ছবিতে হালকা নড়াচড়া বা গভীরতার অনুভূতি তৈরি করা যায়।

এ ছাড়া Google Photos-এর কিছু ছবিতে স্বয়ংক্রিয়ভাবে সিনেম্যাটিক প্রভাব তৈরির সুবিধা রয়েছে। এতে ছবির বিভিন্ন অংশে আলাদা নড়াচড়া যোগ করে দৃশ্যটিকে আরও জীবন্ত করে তোলা যায়।

৩. গান দিয়ে ছবির স্লাইডশো তৈরি

একাধিক ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাইলে CapCut, VN, InShot, YouTube Create কিংবা Google Photos-এর মতো ভিডিও সম্পাদনার অ্যাপ ব্যবহার করা যায়।

এ জন্য প্রথমে পছন্দের ছবিগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে। এরপর প্রতিটি ছবির প্রদর্শনের সময় ২ থেকে ৩ সেকেন্ড নির্ধারণ করে হালকা জুম বা দৃশ্য পরিবর্তনের প্রভাব যোগ করা যায়। চাইলে অ্যাপের সংগীতভান্ডার থেকে গান যুক্ত করে সেটির তালের সঙ্গে ছবির পরিবর্তন মিলিয়ে নেওয়া সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস বা শর্টস প্রকাশের জন্য ভিডিওটি ১০৮০ পিক্সেল রেজল্যুশনে উল্লম্ব আকারে তৈরি করা যেতে পারে।

কেমন ছবিতে ভালো ভিডিও তৈরি হয়

এআইয়ের সাহায্যে ছবি থেকে ভিডিও তৈরির ক্ষেত্রে ছবির মান গুরুত্বপূর্ণ। একক ব্যক্তির স্পষ্ট মুখ, পরিষ্কার পটভূমি এবং ভালো রেজল্যুশনের ছবি এ কাজে বেশি উপযোগী। একইভাবে নদী, গাছপালা, মেঘ কিংবা প্রাকৃতিক দৃশ্যের ছবিতেও সহজে নড়াচড়ার প্রভাব তৈরি করা যায়।

অন্যদিকে, একসঙ্গে অনেক মানুষের ছবি, অস্পষ্ট বা কম রেজল্যুশনের ছবি এবং লেখাযুক্ত ছবিতে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে। বিশেষ করে মানুষের মুখ ও হাতের নড়াচড়া তৈরি করতে গিয়ে এআই অনেক সময় অস্বাভাবিক দৃশ্য তৈরি করে। তাই সহজ ও স্বাভাবিক নড়াচড়ার নির্দেশনা দেওয়া ভালো।

ভালো ভিডিও তৈরির জন্য যেভাবে প্রম্পট লিখবেন

ছবি থেকে ভিডিও তৈরির সময় ক্যামেরার নড়াচড়া, ছবির বিষয়বস্তুর পরিবর্তন এবং দৃশ্যের পরিবেশ, এই তিনটি বিষয় উল্লেখ করে প্রম্পট লেখা যায়। যেমন:

ক্যামেরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে, মেয়েটি মৃদু হাসবে এবং বাতাসে তার ওড়না নড়বে।

চা-বাগানের ওপর দিয়ে ক্যামেরা ধীরে বাঁ দিকে যাবে, গাছের পাতায় বাতাসের নড়াচড়া দেখা যাবে এবং চারপাশে সকালের কুয়াশা থাকবে।

চায়ের কাপ থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠবে, আরামদায়ক ক্যাফের পরিবেশ থাকবে।

একটি ভিডিওতে এক বা দুটি সাধারণ নড়াচড়ার নির্দেশনা দেওয়াই ভালো। একসঙ্গে অনেক কাজের নির্দেশনা দিলে মুখ, হাত কিংবা শরীরের নড়াচড়ায় অসংগতি দেখা দিতে পারে। এভাবে কয়েকটি ভিডিও তৈরি করে একসঙ্গে করে আপলোড করা যায়।

একাধিক ছবি দিয়ে রিলস তৈরির কৌশল

একই বিষয় বা ঘটনার কয়েকটি ছবি থাকলে সেগুলো থেকে আলাদা আলাদা ছোট ভিডিও তৈরি করা যায়। পরে VN, InShot কিংবা CapCut-এর মতো অ্যাপে ভিডিওগুলো যুক্ত করে একটি রিলস তৈরি করা সম্ভব। এতে প্রয়োজন অনুযায়ী সংগীত, শিরোনাম ও ক্যাপশনও যোগ করা যায়। ভিডিওর মান ভালো রাখতে ১০৮০×১৯২০ রেজল্যুশন এবং প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে (FPS) রপ্তানি করা যেতে পারে।

বিনা মূল্যে ভিডিও তৈরির সুযোগ ও সতর্কতা

বেশির ভাগ এআই ভিডিও তৈরির টুলে বিনা মূল্যে কিছু ভিডিও তৈরির সুযোগ বা ক্রেডিট দেওয়া হয়। নির্ধারিত সীমা শেষ হলে অতিরিক্ত ভিডিও তৈরির জন্য অর্থ খরচ করতে হতে পারে। তাই কোনো অ্যাপ ব্যবহারের আগে তার বিনা মূল্যের সুবিধা, সাবস্ক্রিপশন ও পরীক্ষামূলক ব্যবহারের শর্ত দেখে নেওয়া জরুরি। কিছু অ্যাপ ইনস্টলের পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য পরিকল্পনা চালু করতে পারে।

এ ছাড়া অন্যের ছবি ব্যবহার করে ভিডিও তৈরির আগে তার সম্মতি নিতে হবে। বিশেষ করে শিশুদের ছবি ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি প্রয়োজন। বাস্তবে ঘটেনি, এমন কোনো পরিস্থিতিতে বাস্তব মানুষের উপস্থিতি দেখিয়ে ভিডিও তৈরি করা থেকে বিরত থাকতে হবে। বাস্তবসম্মত এআই ভিডিও প্রকাশের সময় প্রয়োজনে এআই দিয়ে তৈরি হওয়ার বিষয়টি উল্লেখ করা এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলাও জরুরি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর