নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের আজ (২১ জুন) সব ধরনের সূচক বেড়েছে। সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। টাকার পরিমাণে লেনদেন আবার ২ হাজার কোটি টাকার ঘরে হয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ মাস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫.৪১ পয়েন্টে। ডিএসইতে এই সূচকটি ৩ বছর ৪ মাস ৭ দিন বা ৪০ মাস বা ৭৭০ কার্যদিবস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৯৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৫.৫৭ পয়েন্টে এবং ২ হাজার ২২০.৮৯ পয়েন্টে।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ২০৮ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৪টির বা ৬০.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩১.৯৯ শতাংশের এবং ২৯টির বা ৭.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।






