নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদন লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। আজ ২৪ জুন থেকে উৎপাদন লাইন-১ এর উৎপাদন চালু হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ৬ জুন কোম্পানিটি উৎপাদন লাইন আরও ১ সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
এর আগে কোম্পানিটি জানায়, আরএকে সিরামিকসের টাইলস উৎপাদনের ৪টি লাইনের মধ্যে ২টি লাইনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের কাজ করা হবে। গত ২১ মে থেকে ৫ জুন পরযন্ত এই কাজ চলবে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের সময় টাইলস উৎপাদনের ২টি লাইনের কাজ সাময়িক বন্ধ থাকবে।
জানা গেছে, এই সময়ে কোম্পানির স্যানিটারি প্লান্টের যন্ত্রপাতিও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তবে কোম্পানির অপর দুই টাইলস প্লান্টের (লাইন-৩ ও লাইন-৪) উৎপাদন চালু থাকবে। যেখানে স্যানিটারি ওয়্যার প্লান্ট উৎপাদনের ৬০ শতাংশ সক্ষমতা রয়েছে।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১২৭ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১ টি। এর মধ্যে ৭২ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ২৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






