চট্টগ্রাম, ৮ জানুয়ারি:
ইপসা, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), এবং ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত “ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।
ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিফাত বিনতে আরা।
প্রতিযোগিতায় প্রায় ২০০ স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। জুরিবোর্ডের মাধ্যমে চূড়ান্তভাবে ১০টি সংগঠনকে নির্বাচিত করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো: এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, কায়ো বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, রাজাখালী উন্মুক্ত পাঠাগার, ইয়ুথ ভয়েজ ফর চেঞ্জ ইত্যাদি।
অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেলে পরিবেশ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নিয়ে আলোচনা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, পরিবেশ অধিদপ্তর, এবং ইউনিলিভার বাংলাদেশের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় প্যানেলে স্থানীয় পর্যায়ে পরিবেশগত সুরক্ষা এবং বৈশ্বিক সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে ইপসার পক্ষ থেকে পলাশ চৌধুরী এবং ইউনিলিভার বাংলাদেশের এস এম ফয়সাল বলেন, “এই উদ্যোগ তরুণদের পরিবেশ সংরক্ষণে আরও অনুপ্রাণিত করবে।”
ইপসার বিশ্বাস, এই আয়োজন দেশের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।