খায়রুল খন্দকার টাঙ্গাইল :বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ মাগরিব ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাদী চকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা খলিল তালুকদার, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, লোকমান হোসেন ফকির মহিলা কলেজের প্রভাষক শামসুল আলম সবুজ।
আরো উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার, সহ-সাধারণ সম্পাদক কামরান পারভেজ ইভান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান কবির, দপ্তর ও প্রচার সম্পাদক শিপন মিয়া সহ সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের প্রতি তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা মাহদী হাসান শিবলী। এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, কবরের আযাব থেকে নাজাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
এর আগে হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান, মঙ্গলবার ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন