নিজস্ব প্রতিবেদক:
‘আগামি সেপ্টেম্বরের মধ্যে চালু হতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ও মিউচ্যুয়াল ফান্ডের মতো আরেক পণ্য এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) । তবে এই ইটিএফ থেকে নির্দিষ্ট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। চাইলেই যেকোনো সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।’ মঙ্গলবার (৩১মে ২০২২ তারিখ) ঢাকা স্টক এক্সেচেঞ্জে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালুর ব্যাপারে এক সংবাদ সম্মেলনের আয়োজন এ তথ্য জানান ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আমিন ভূইয়া, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিম।

তারিক আমিন ভূইয়া আরও বলেন, ইটিএফ অনেকটা মিউচ্যুয়াল ফান্ডের মতো। যা অ্যাসেট ম্যানেজার দ্বারা পরিচালিত হবে এবং মিউচ্যুয়াল ফান্ডের ন্যায় ট্রাস্টি থাকবে। এছাড়া ইটিএফ শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে এবং লভ্যাংশ দেবে। শুরুতে ৫০ কোটি টাকা দিয়ে ডিএসই-৩০ সূচকের কোম্পানিগুলো নিয়ে ইটিএফের যাত্রা শুরু করা হবে। এই ৫০ কোটি টাকা অনেকটা মিউচ্যুয়াল ফান্ডের ন্যায় সংগ্রহ করা হবে এবং তা দিয়ে অ্যাসেট ম্যানেজার শুধুমাত্র ডিএসই-৩০ সূচকের কোম্পানিতেই বিনিয়োগ করতে পারবে। এমনকি ওই ৩০ সূচকের প্রতিটি কোম্পানিতে ওয়েটেড এভারেজ ভিত্তিতে বিনিয়োগ করা হবে। ৫০ কোটি টাকার ইটিএফ গঠনের জন্য উদ্যোক্তা ১০ শতাংশ হারে ৫ কোটি টাকা এবং অ্যাসেট ম্যানেজার ২ শতাংশ হারে ১ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি ৪৪ কোটি টাকা শেয়ারবাজারে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে। ইটিএফ কখনো ধ্বংস হয় না। উদাহরন হিসেবে তিনি বলেন, প্রথম ইটিএফ গঠন হবে ডিএসই-৩০ সূচকের কোম্পানিগুলো নিয়ে। এখন ওই ৩০ কোম্পানির মধ্যে যদি কোন ১টি ডিএসই-৩০ সূচক থেকে বের হয়ে যায়, তাহলে ইটিএফ এর অ্যাসেট ম্যানেজার সেই কোম্পানির সিকিউরিটিজ বিক্রি করে দেবে এবং ৩০ সূচকে নতুন যে কোম্পানি আসবে, সেই কোম্পানির সিকিউরিটিজ কিনে নেবে। এরইমধ্যে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট ও গ্রীন ডেল্টা ড্রাগণ ম্যানেজমেন্ট কোম্পানি ইটিএফ গঠনে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ইটিএফ শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুরুতে তিনি ডিএসই-৩০ সূচকের কোম্পানিগুলো নিয়ে ইটিএফ গঠন করা হলেও পরবর্তীতে বিভিন্নভাবে করা হবে। সেটা শরীয়াহভিত্তিক সূচকের কোম্পানিগুলো নিয়ে, ফার্মাসিউটিক্যালস বা অন্যকোন খাতের কোম্পানি নিয়ে ইটিএফ গঠন করা হতে পারে।
আরো পড়ুন–এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) কি?
তারিক আমিন ভূ্ইয়া আরও বলেন, ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানিগুলো এটিবিতে লেনদেন হবে। এছাড়া অতালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইভেট প্লেসমেন্ট লেনদেন হবে।
অনুষ্ঠানে ডিএসইর সিওও সাইফুর রহমান মজুমদার বলেন, সারাবিশ্বব্যাপি ইটিএফ একটি গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইটিএফ পরিচালনা করা হবে। এই ইটিএফের চালুর মধ্য দিয়ে দেশের মিউুচ্যয়াল ফান্ড খাতের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিএসই’র পিআর এন্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান, প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলোপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সাঈদ মাহমুদ জুবায়ের ও সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ।
কর্পোরেট সংবাদ/এআর