এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
বদলে গেল পুলিশ লাইনস হাইস্কুল জয়পুরহাটের নাম। নতুন নাম করণ করা হয়েছে “শহিদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল জয়পুরহাট” ।
২০১২ সালে তৎকালীন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পুলিশ লাইনস একাডেমী নির্মাণ ও উদ্বোধন করেন।
২০০২ সালে স্থাপিত হয় বিদ্যালয়টি।
২০২২ সালের ২২জুন , অর্থাৎ আজ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এই বিদ্যালয়ের পরিবর্তিত নাম ফলক উন্মোচন করবেন।
নজমুল হকের চতুর্থ কন্যা ডাক্তার হাজারা শিরিন হক ২০১৮ সালে তৎকালীন পুলিশ সুপার রাশেদুল হাসানের নিকট স্কুলের নাম তাঁর বাবার নামে করার জন্য প্রথম প্রস্তাবনা পেশ করেন। ২০১৯ সালের এপ্রিল মাসে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি পত্র ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে পৌঁছালে তা অনুমোদন হয় এবং ২০২০ সালের মে মাসে শিক্ষা মন্ত্রনালয় এবং একই বছরের মার্চ মাসে রাজশাহী শিক্ষা বোর্ড নাম পরিবর্তনে অনুমোদন দেয়।
অবশেষে বর্তমান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা , পিপিএম এর ঐকান্তিক প্রচেষ্টায় আজ ২২জুন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই প্রতিষ্ঠানের পরিবর্তিত নাম ফলক উন্মোচন করবেন।
উল্লেখ্য, ডাক্তার হাজারা শিরিন দীর্ঘ কাল জয়পুরহাটে চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন।
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ( মরণোত্তর) শহিদ মোঃ নজমুল হক এসপি , পিএসপি, পিপিএম ১৯২৪ সালের ১লা ফেব্রুয়ারি নওগাঁর উকিল পাড়ায় জন্ম গ্রহণ করেন । তিনি নওগাঁ কে.ডি স্কুল থেকে মাধ্যমিক, রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন।
১৯৫০ সালে ময়মনসিংহে সাব-ডিভিসনাল অফিসার হিসেবে পুলিশে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি ইন্টারন্যাশনাল পুলিশ একাডেমী, ওয়াশিংটন ডিসি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় দুর্নীতি দমন বিভাগের উপ পরিচালক থাকা অবস্থাতেই অসহযোগ আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন। মুক্তিযুদ্ধের সময় তার সরকারি বাসভবনেই স্বাধীনতার দিক নির্দেশনা, পরিকল্পনা, বাস্তবায়ন, স্বাধিকার আদায় বিষয়ে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হত।
২৬-২৮ মার্চ চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে পুলিশ সদস্যের সম্মুখ যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। ২৯ মার্চ চট্টগ্রাম এলাকা পাকিস্তানি হানাদার বাহিনীর কব্জায় চলে যায়।
৭ ই এপ্রিল একজন পাকিস্তানি মেজরের নেতৃত্বে সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয় নজমুল হককে। পরে জানা যায়, তাকে কোন এক বধ্যভূমি তে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে।
১৯৬৭ সালে পেশাগত জীবনে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ তিনি পাকিস্তান পুলিশ মেডেল প্রাপ্ত হন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কারে ( মরণোত্তর) ভূষিত করে।
শহিদ নজমুল হকের সন্তানরা জানিয়েছেন, বাবা দেশের জন্য নিজের জীবন কে উৎসর্গ করেছেন। চাকরিরত অবস্থায় তিনি কখনো অন্যায় কে প্রশ্রয় দেননি। আমাদের অনুরোধ সরকার, পুলিশ হেড কোয়ার্টার, শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট সকলেই শুনেছেন। আমাদের পরিবার সকলের নিকট চির কৃতজ্ঞ। বাবা সবার মাঝেই বেঁচে থাকবেন।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানের নাম চির স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে “শহিদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল জয়পুরহাট”।