এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের বারো শিবালয় মন্দির চত্বরে দুই দিন ব্যাপী শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শিব রাত্রীর পূজা-অর্চনা।
মঙ্গলবার ১ মার্চ সকাল থেকেই মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পূণ্যস্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা-অর্চনা করছেন। এই পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন দেশ-বিদেশের হিন্দু ধর্মালম্বীদের হাজারো নারী-পুরুষ ভক্তরা।
এদিকে এ উপলক্ষ্যে মন্দিরের চারপাশে বসেছে ৪শ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ মেলায় মিঠাই-মন্ডা, খেলনা, পূজা সামগ্রী, ফার্নিচারসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। আর শিশু-কিশোরদের নানা বিনোদন ব্যবস্থা মেলাকে যেন সাজিয়েছে ভিন্ন এক সাজে। আর এ মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা থেকে থেকে মেলাতে আসা মনিকা রানী বাংলাদেশ জার্নালকে বলেন, প্রতিবছর পরিবারসহ এ মেলাতে আসা হয়। এবারও এসেছি। শিবের মাথায় জল ঢেলে নিজের পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, এ মেলায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সবসময় তৎপর রয়েছে পুলিশ।