দেশের বিভিন্ন জায়গায় অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে এ বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতগুলোর বিশেষত্ব ছিল নারী মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ঈদের জামাতে নারীদের এই অংশগ্রহণকে ইতিবাচক বলেই মনে করছেন মুসল্লিরা। বিশেষ করে নারী মুসল্লিদেরকে এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
সোমবার ঢাকার উত্তরায় হেযবুত তওহীদের সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মো. মাহবুব আলম মাহফুজের নেতৃত্বে অনুষ্ঠিত এই জামাতে বিপুল নারী মুসল্লির উপস্থিতি লক্ষ করা যায়।
একই দৃশ্য দেখা যায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জামাতে। সেখানে জামাতের নেতৃত্ব দেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে এসময় ঈদগাহ মাঠ ভরে উঠে। মুসল্লিদের মধ্যে ৫ শতাধিক ছিলেন নারী। তাদের জন্য এখানে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। তাছাড়া ঈদগাহে প্রবেশ ও প্রস্থানের জন্য নারী ও পুরুষের জন্য ছিল আলাদা গেট।
একই দিনে মেহেরপুর, কুষ্টিয়া, বরিশাল, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, হবিগঞ্জ সহ দেশের বড় বড় জেলা শহরগুলোতে ঈদের জামাতের আয়োজন করে হেযবুত তওহীদ। প্রতিটি জামাতেই নারীদের অংশগ্রহণ ছিল।
এ ব্যাপারে ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ বলেন, রাসুলুল্লাহ (স.) নারীদেরকে ঈদের জামাতে অংশ নিতে উৎসাহিত করেছেন। ওই সময় নারীরা ঈদ, জুমা, পাঁচ ওয়াক্ত নামাজ সহ মসজিদকেন্দ্রিক প্রতিটি কাজে অংশ নিতেন। কিন্তু বর্তমানে ঈদের নামাজ বা জুমার নামাজে নারীদের অংশ নেয়াকে নিরুৎসাহিত করা হয়। বলা যায়, মসজিদ, ঈদগাহ ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান ও নারীদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে রাখা হয়েছে। হেযবুত তওহীদ দেয়ালটি ভাঙার চেষ্টা করছে।
সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসব জামাতে উপস্থিত ছিলেন। জামাতপূর্বক বাংলা খুতবায় মুসলিম বিশ্বের বর্তমান দুর্দশার চিত্র তুলে ধরা হয় এবং এই অবস্থা থেকে উত্তরণে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। মোনাজাতে মুসলিম বিশ্বের ঐক্য, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন ইমামগণ।