মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার করায় মৎস অধিদপ্তরের ও নৌ পুলিশের যৌথ অভিযানে তিনটি ঘাট থেকে ১৫০ কেজি মাছ, ১ লাখ পঞ্চাশ হাজার মিটার জাল ও ২০ পিচ বরফ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয় টের পেয়ে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। কিন্তু কিছু সংখ্যক অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে অবৈধভাবে জাটকা ইলিশ ধরছিল। আজ অভিযান পরিচালনা করে সাত্তার মাঝির ঘাট থেকে ১৫০ কেজি মাছ, খুইল্লা মিয়ার ঘাট থেকে ১ লাখ পঞ্চাশ হাজার মিটারের জাল ও উঠান মাঝির ঘাট থেকে ২০ পিচ ওজনের বরফ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ৩৫ হাজার পাঁচ শত টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দিনের গহিরা সাগর পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসের ফিল্ড অফিসার মোহাম্মদ জাহেদ, রকিবুল ইসলাম এনাম।
বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার কারণে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌ পুলিশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে আরও বেশ কিছু স্থানেও এ অভিযান পরিচালনা করা হবে।’