নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশের পুঁজিবাজার কারসাজিতে জড়িতদের শাস্তি চেয়েছে।
রবিবার (১৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আইএমএফের সফররত প্রতিনিধিদলের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে সরকারি ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে বৈঠকে পুঁজিবাজার কারসাজিকারীদের শাস্তি চাওয়া হয়।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নের সুপারিশও করা হয়েছে। বাজার কারসাজিতে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ারও প্রস্তাব করেছে আইএমএফ। এছাড়াও খেলাপি ঋণ কমিয়ে আনতে আইএমএফ পরামর্শ দিয়েছে। ব্যাংক খাতের তদারকি শক্তিশালী করার পাশাপাশি করপোরেট সুশাসন উন্নত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।
সরকারি ব্যাংকের খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে আইনি সংস্কারের পরামর্শও দিয়েছে আইএমএফ। বৈঠকে খেলাপি ঋণের হিসাব পদ্ধতি সংশোধন ও খেলাপি ঋণের তথ্য গোপন করার বিষয়টি নিয়ে কথা বলেছে আইএমএফ।
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন সূচকের অবনতিতে অস্বস্তি প্রকাশ করেছে সংস্থাটির।






