সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জর উপজেলার চর গুজামানিকা গ্রামের বাসিন্দা মো: জাকিরুল। জীবিকা ও ভাগ্য পরিবর্তনের আশায় দীর্ঘ ২০ বছর সৌদি আরবে থাকার পর দেশে আসেন তিনি। এসেই পাশের গ্রামের মনেকা আক্তার নামের এক নারীকে বিয়ে করেন। তবে সেই বিয়ের তিন মাস যেতে না যেতেই টাকা ও স্বর্ণ নিয়ে উধাও হন স্ত্রী মনেকা আক্তার। সেই স্ত্রীর সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন ভুক্তভোগী স্বামী।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব জামালপুরে এক সংবাদ সম্মেলনে স্ত্রীর সন্ধান চেয়ে এসব কথা জানান ভুক্তভোগী মো: জাকিরুল।
তিনি জানান, গত ০৫ জুন দেশে ফিরে দেড়মাস পরে মেলান্দহ গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে মনেকা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মো: জাকিরুলের। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল কিন্তু স্ত্রী’র বড় বোন নূরেজা এবং শ্বাশুড়ী মমতা বেগমের কুপ্ররোচনায় শপিং করতে যাওয়ার কথা বলে গত ৩০ সেপ্টেম্বর নগদ ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণ নিয়ে কৌশলে পালিয়ে যায় মনেকা আক্তার। পরে শশুড়বাড়িতে স্ত্রীর খোঁজ নিতে গেলে তারা পাল্টা অভিযোগ করে জাকিরুলকে প্রাণনাশের হুমকি দেয়।
এসময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার শাশুড়ীর প্ররোচনায় শ্বশুরবাড়ীর লোকজন আমার স্ত্রী মনেকাকে লুকিয়ে রেখে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করে। আমি হুমকি পাওয়ার পর মেলান্দহ থানায় একটি জিডি করি। এছাড়া আমি জানতে পেরেছি মনেকা আক্তারের এর আগেও বিয়ে হয়েছিলো। সেখানেও এমন ঘটনা ঘটিয়েছে। এখন আমি আমার স্ত্রী সন্ধান চাই। কারণ গত ২০ বছর বিদেশ থেকে যা আয় করেছি সবই নিয়ে পালিয়ে গেছে। এখন আমার আর কিছুই নেই।
এ বিষয়ে থানায় একটি প্রতারণার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।