নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরের ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে অল্প সময়ের ব্যবধানে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিচক বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি রক্তমাখাসহ তিনটি ছুরি উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: উপজেলার কিচক ধোপাকুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে তারিকুল ইসলাম এবং নিহত শহিদুলের শ্যালক আমিরুল ইসলাম। আমিরুল বেলাই গ্রামের মৃত আছবালীর ছেলে বলে জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, আসামী তারিকুল ও আমিরুল ইসলামকে শনিবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে নিজ কার্যালয়ে ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম (৫০) ছুরিকাঘাতে খুন হন। নিহত শহিদুল ইসলাম কিচক ইউনিয়নের বেলাই কেকার পাড়ার মৃত আফাছ উদ্দিন এর ছেলে। নিহত শহিদুল ইসলাম কিচক বন্দর আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টার দিকে কিচক বাজারে শ্রমিক সংগঠনের আধিপত্বের জেরে ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরে নিহত শহিদুলের ভাই আনিছুর রহমান কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১১ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কিচক বাজার ও আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত আছে।