ইউনাইটেড নিউজডেস্ক::ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর সাতটি হাসপাতালে বিদেশগামী প্রবাসী শ্রমিক এবং শিক্ষার্থীদের কোভিড টিকা দেয়া হচ্ছে। অন্যান্য হাসপাতালগুলোর মধ্যে রয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনিস্টিউট হাসপাতাল, ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, এখানে শুধুমাত্র সৌদি আরব, কুয়েত ব্যতীত অন্যান্য দেশের প্রবাসী শ্রমিক ও বিদেশ গামী শিক্ষার্থীরা এ টিকা নিতে পারবেন। তবে এর আগে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত হয়ে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আসতে হবে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বের নিবন্ধন করেছেন, কিন্তু টিকা দিতে পারেনি যারা, তারাসহ প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী, চিকিৎসক সকলকেই টিকা নিচ্ছেন।
আশরাফুল আলম বলেন ঢামেক হাসপাতালে বুধবার সিনোফারমের টিকা দেয়া হয়েছে ১৩০ জনকে ও ফাইজার-এর টিকা দেয়া হয়েছে ২৮৮ জনকে।
আশরাফুল আলম আরও বলেন, এখানে এই দুই ধরনের বাইরেও পূর্বে নিবন্ধিত বাদ পড়াদেরও টিকা দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা আগের মতই নিবন্ধিত হয়ে টীকা নিতে পারবেন।