স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বাড্ডায় একটি বাসায় হ্যাপী মনি (২৩) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার পরিবার।
শুক্রবার (২৮এপ্রিল) বেলা ১২টার দিকে বাড্ডা হাজিপাড়া আব্দুল্লাহবাগ মসজিদের পাশের বাসায় এ ঘটনা ঘটে। স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হ্যাপীর ভাই ফজলে রাব্বী জানান, তারা বাড্ডা আব্দুল্লাহবাগ মসজিদের পাশে বাসায় ভাড়া থাকেন। বাবা জাফর হোসেন অনেক আগেই মারা গেছেন। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তশাহ বাংলাবাজার গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে হ্যাপী ছিল দ্বিতীয়।
তিনি জানান, মা ফিরোজা বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন। হ্যাপী উত্তর বাড্ডা রত্নগর্ভা ফরিদাজামান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সকাল থেকে নিজের রুমেই ছিল। বেলা ১২টার দিকে হ্যাপীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে হ্যাপীকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় অবহিত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ