রাবি: শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে শিক্ষা সফরে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের আট শিক্ষার্থী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের মুখে তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৮০ জন গজনী অবকাশে ঘুরতে আসেন। সকালে নাশতা শেষে আট শিক্ষার্থী মিলে পর্যটনকেন্দ্রটির বিভিন্ন স্থানে ঘুরছিলেন। এ সময় দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায়ে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী রিমন রায়হান বলেন, ‘আমরা সকালে নাশতা করে আটজন ঘুরছিলাম। হঠাৎ দু’জন আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে পিস্তল দেখিয়ে আমাদের জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে আটজনের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে নেয়। এরপর আমাদের সামনের দিকে দৌড়াতে বলে। পেছনে তাকালে গুলি করার হুমকি দেয়।’
সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন বলেন, ‘আমরা সকাল ৮টার দিকে গজনী অবকাশে এসেছি। আট শিক্ষার্থী ঘুরতে গেলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রটিতে বিপজ্জনক স্থান চিহ্নিত করা বা কোনো সতর্কতামূলক নির্দেশনাও নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল।’
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নূর মোহাম্মদ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে কল দিয়েছেন। আমাদের জায়গা থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় থেকে যারা আসবেন, তারা আগে থেকে জানিয়ে আসলে আমাদের জন্য ভালো হয়।’
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমি বিশ্ব চীনা ভাষা সম্মেলনে চীনের বেইজিংয়ে অবস্থান করছি। খবর পেয়েই শেরপুর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন এবং শিক্ষার্থীদের ছিনিয়ে নেওয়া জিনিসপত্র উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ শিক্ষা সফরে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রক্টর দফতরের সঙ্গে যোগাযোগ করে গেলে ভালো হয়। এতে প্রক্টর দফতর অবগত থাকবে এবং প্রয়োজনে শিক্ষা সফরের গন্তব্য এলাকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’