গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃদ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন আরও ২ হাজার ২শ ৯৬টি গৃহহীন পরিবার। আগামী রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৮০৫টি ঘরের উদ্বোধন করবেন।
শুক্রবার (১৮জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের দেওয়া তথ্য মতে, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় বরাদ্ধপ্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২শ ৯৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৩০০টি, পীরগঞ্জ উপজেলায় ৫০০টি, রানীশংকৈল উপজেলায় ২৯৬টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।
আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় উদ্বোধনযোগ্য ১৮০৫টি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি ঘর রয়েছে। এর আগে প্রথম পর্যায়ে জেলায় ২০০৩টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছিলো।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (নেজারত, ট্রেজারি, স্থানীয় সরকার, ত্রাণ ও পুনর্বাসন এবং গোপনীয় শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু প্রমুখ।