শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া এলাকায় অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে করার সময় আম ব্যবসায়ীকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি আম বাগান থেকে ৫২৫ কেজি আম জব্দ করা হয়। এ সময় আম ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৫) নামের এক আম ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ইদ্রিস আলী আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের রমজান আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান জানান, গাছের অপরিপক্ক গোবিন্দভোগ আম ভাঙার পর গাছতলায় বসে কীটনাশক স্প্রে মাধ্যমে। অপরিপক্ক পাকা আম বলে বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন তারা। গোপনে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫২৫ কেজি আম।
সদর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, এই আম মে মাসের ১০ তারিখে বাজারে আসার কথা। কিন্তু অধিক মুনাফার আশায় ইথিওফিন নামক কীটনাশক প্রয়োগ করে আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সর্তক করা হয়েছে। জব্দকৃত আমগুলো বিনষ্ট করার জন্য সাতক্ষীরা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আইরিন, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, সদর থানার এএসআই গাজী সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।