নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় মা- বাবা ও বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২০ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর এ হত্যাকান্ডের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলাম অরণ্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রোববার (২০ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহামেদ আহামেদ বলেন, বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগে মেয়ে মেহেজাবিন ও তাঁর স্বামী শফিকুল ইসলাম অরণ্যের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলাটি করেন মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন। মামলার বিবাদী মেহেজাবিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর তাঁর স্বামী শফিকুল ইসলাম অরণ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, শনিবার (১৯ জুন) রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মেহজাবিনের মা মৌসুমী ইসলাম (৪০), বাবা মাসুদ রানা (৫০) ও বোন জান্নাতুল (২০)। এছাড়া হত্যার চেষ্টা করা হয় আরও দুজনকে।

ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যার পর স্বামী ও কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন মেহজাবিন ইসলাম মুন। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, শুক্রবার দিবাগত রাতে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মেহেজাবিন বলেন, ‘আমি আমার বাবা-মা এবং বোনকে খুন করছি। আরও দুজন অসুস্থ আছে। তাদেরও খুন করতে পারি। নিজকেও খুন করে ফেলতে পারি। আপনারা আসেন। আমাকে ধরেন।