এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকের ছোবল থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের লক্ষ্যে এবার শতাধিক তরুণ-তরুণীকে চার মাসব্যাপী কম্পিউটার, গ্রাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ওই ইউনিয়নের শতাধিক প্রশিক্ষণার্থীকে ১৬ সপ্তাহের নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ-তরুণীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানের নতুন পথ দেখাবে। প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং ও গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদী।
৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান বলেন, প্রশিক্ষণার্থীরা সফলভাবে কোর্স সম্পন্ন করলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ করে তুলতে বিজিবির এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী জনপদের শতাধিক শিক্ষিত বেকার যুবক-যুবতী ডিজিটাল দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন, যা বেকারত্ব কমানোর পাশাপাশি সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।