কর্পোরেট সংবাদ ডেস্ক : সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের বিচারকাজের শুরুতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে ১২ জন বিচারপতির করোনা আক্রান্তের বিষয়টি জানান প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। দ্বৈত বেঞ্চের একজন করোনায় আক্রান্ত হলে ওই বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকে। করোনার কারণে অনেক গুরুত্বপূর্ণ বেঞ্চে বিচারকাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের জন্য বিষয়টি কঠিন হয়ে পড়ে। আপনারা সহযোগিতা না করলে আমাদের ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তারপরও ধৈর্য ধরেন আমরা দেখতেছি।
এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের অনেক আইনজীবীও করোনায় আক্রান্ত। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।
জানা গেছে, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েক দিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২৬ জুন এদিন নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৭৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৮টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন।
আরও পড়ুন: