নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উদ্যোক্তা/পরিচালকদেরকে ১০ শতাংশ শেয়ার অফলোডের (সাধারন বিনিয়োগকারীদের ধারনকৃত শেয়ারসহ) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই খবরে সোমবার (১৩ সেপ্টেম্বর) ৩টি কোম্পানিরই শেয়ারের দর পতন হয়েছে।
বিএসইসির এই নির্দেশনার ফলে কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকদেরকে বেচতে হবে ৮ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৪২২টি শেয়ার। যাতে করে স্বাভাবিকভাবেই বাজারে বিক্রির চাপ বাড়বে এবং ১ বছরের মধ্যে শেয়ার সাপ্লাই বেড়ে যাবে। যাতে করে অফলোডের ঘোষণার পরের দিনই শেয়ারগুলোর দর পতন হয়েছে।
আগেরদিনের ১৪৩৭.৭০ টাকা দরের ওয়ালটনের প্রতিটি শেয়ার সোমবার ১৩৪৭.৯০ টাকায় লেনদেন হয়। এই দরে কোম্পানির ৪৩ হাজার ২৩৪টি শেয়ার ৫ কোটি ৮৩ লাখ টাকায় লেনদেন হয়েছে। যে শেয়ারটি দিন শেষে ১৩৪৭.৯০ টাকায় দাড়িঁয়েছে। এদিন শেয়ারটির দর কমেছে ৬.২৫%।
অপর ২ কোম্পানির মধ্যে বার্জার পেইন্টসের আগের দিনের ১৯২১ টাকার শেয়ারটি ১৮০৩.১০ টাকায় এবং আইসিবির ১৪২ টাকার শেয়ারটি ১২৯.৭০ টাকায় নেমে এসেছে। এতে বার্জার পেইন্টসের ৬.১৪% ও আইসিবির ৮.৬৬% দর কমেছে।






