ঢাকা: (আইসিটি) বিভাগের গত দেড় দশকের অনিয়ম ও দুর্নীতি পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানের ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এ ছাড়া দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে আইসিটিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পের অভিযুক্ত কর্মকর্তা ও কনসালট্যান্টদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানভিত্তিক গৃহীত ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে আইসিটিমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়েছে, ১৭ জন স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন এবং দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে এবং এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা ও কনসালট্যান্টকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্তে আইসিটি বিভাগ পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী আরও জানান, গত দেড় দশকে আইসিটি বিভাগের নেওয়া বিভিন্ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দেওয়া হয়েছে এবং প্রকল্পগুলোর পরিধি নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ক্রয় কার্যক্রমে যেকোনো ধরনের অনিয়ম রোধে নিবিড় পরিবীক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য আরিফা সুলতানের অপর এক প্রশ্নের জবাবে আইসিটিমন্ত্রী হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীদের ৯০টি সেবা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। পাশাপাশি আইটি ও আইটিইএস কোম্পানিগুলোর জন্য কর অবকাশ সুবিধা, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারে শতভাগ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন উদ্যোক্তা বা স্টার্টআপ এবং ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে এক বছরের জন্য বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ও শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ওয়ার্কস্টেশন সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক প্রশ্নের জবাবে দেশে মোবাইল ফোন গ্রাহকের হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৫৪৬ জনে। এর মধ্যে শীর্ষে থাকা গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ৯২৪, রবির ৫ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৬৫, বাংলালিংকের ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৭ এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা ৬৯ লাখ ২৫ হাজার ৪৯০ জন।