কর্ণফুলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুল আহসান ও মো. আতিকুর রহমান, ক্যাশিয়ার বিউটি শর্মা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. লোকমান, নুরুল আমিন মিন্টু, মো. বাহার হোসেন খান, জাবেদুল ইসলাম এবং মো. শাহিদুল ইসলাম সাহেদ।
এছাড়া কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, ছাত্র প্রতিনিধি মো. আরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রথমবারের মতো এ বছর একই দিনে জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল-“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।###