বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে মো. ময়নাল হোসেন ভুট্টু (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালানাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ দুর্বৃত্তরা ভুট্টুর ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আহত ভুট্টুকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. ময়নাল হোসেন ভুট্টু পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা ও চুরিসহ মোট ১২টি মামলা রয়েছে।
পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, “মো. ময়নাল হোসেন ভুট্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”