কক্সবাজার: দুর্যোগকালীন সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শিশু, বৃদ্ধ ও নারীরা—বিশেষ করে গর্ভবতী মায়েরা, যারা নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। “সুস্থ মা, সুস্থ শিশু” এই মূলমন্ত্রকে সামনে রেখে, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল-এর WLCR প্রকল্প পরিবার পরিকল্পনা বিভাগের সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় গত দেড় বছরে ২০টি সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে।
এই সেশনের মাধ্যমে প্রায় ৩০০ জন গর্ভবতী মা দুর্যোগকালীন সময় কীভাবে নিজেকে এবং গর্ভস্থ শিশুকে নিরাপদে রাখতে পারেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান এবং তাদের জন্য বিনামূল্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়।
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল: পুষ্টির চাহিদা, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা, আগাম প্রস্তুতি, পর্যাপ্ত ওষুধের সরবরাহ, এবং দুর্যোগকালে নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল। সেই সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হয়—তারা কিভাবে গর্ভবতী নারীকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করতে পারে।
“আগে জানতাম না ঝড় বা বন্যার সময় কীভাবে নিজেকে বাঁচাবো। এখন আমি শুকনো খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধ এক জায়গায় রাখি। স্বাস্থ্য কার্ডটা সবসময় হাতে রাখি। এখন অনেকটা নির্ভরতা অনুভব করি,” — বললেন রাবেয়া খাতুন।
“গর্ভবতী মায়েরা দুর্যোগকালে খুব সহজে অসুস্থ হয়ে পড়তে পারেন। আমরা সেশনের মাধ্যমে তাদের সচেতন করি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করি। এতে করে ঝুঁকি কমে এবং জীবন বাঁচে,” — বললেন সদর উপজেলার পরিবার পরিকল্পনা সহকারী কর্মী (FWV) সাবিনা ইয়াসমিন।
জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের সংখ্যা ও তীব্রতা দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় WLCR প্রকল্পের এমন উদ্যোগ গর্ভবতী মায়েদের জন্য আশীর্বাদস্বরূপ।