আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক নববধূকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ওই সময় তাঁর শ্লীলতাহানি এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে সংবাদ সম্মেলনে করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য রাখেন, ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। ওইসময় উপস্থিত ছিলেন ওই নারীর পিতা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম, মো. সেকান্দর ও হ্যাপী আকতার।
সংবাদ সম্মেলনে এমন প্রতারণামূলক কাজ যাতে কোনো মেয়ের সঙ্গে করতে না পারে এবং বিয়ের তিনদিনপর নববধুকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলাম এবং জড়িত আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানা সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন।
যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করায় গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর নাজমিনের ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই জবার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। একই সঙ্গে তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনটিও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে তালাকের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর মা চেমন আরা বেগম তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করে ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।