আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তানের সংকটের প্রেক্ষিতে বৈশ্বিক সংগঠনের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির শরণাপন্ন হয়ে বলেছেন— শুভ কর্মপথে, ধরো নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তন, কোভিড পরিস্থিতি, ছায়াযুদ্ধ এবং সন্ত্রাসবাদ প্রসঙ্গে জাতিসংঘের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, সংগঠনের কার্যকারিতা-বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে হবে।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, এই প্রথম নয়। এর আগেও বহুবার বক্তৃতায় রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেছেন মোদি।
পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনের প্রচারে বেশ কয়েক বার রবীন্দ্রনাথের কবিতাকে সামনে এনে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন মোদি। সেই সময় তার বাংলা উচ্চারণ নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার আন্তর্জাতিক মঞ্চে রবীন্দ্রনাথের কবিতা তুলে ধরলেন মোদি।
সারাবাংলা/একেএম