সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জামালপুর শহরের ইসলামি ব্যাংকের সামনে ব্যাংকটির গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশীরা এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী ও সাধারণ গ্রাহক।
এসময় অংশগ্রহণকারীরা “মেধার বিকাশ চাই, দুর্নীতি নয়”, “এস আলমের অবৈধ নিয়োগের বিচার চাই” শ্লোগান দিতে থাকে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ কে বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বছরের পর বছর বিশেষ অঞ্চলের লোকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবের কারণে বিপুল পরিমাণ অবৈধ নিয়োগ হয়েছে। এসব নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিও জানান বক্তারা।
সমাবেশ শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সংগঠনের নেতারা।