মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ কন্যা সন্তানসহ এক হিজরাকে আটক করে বিপাকে পরেছিল পুলিশ। আটকের খবর পেয়ে কয়েকজন হিজরা লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে হাজির হন টাঙ্গাইল শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে। এসময় তারা উত্তিজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে উপপরিদর্শক (এস আই) মজিদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ আহত হন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উপস্থিত জনতার সহযোগিতায় তিন হিজরাকে আটক করে পুলিশ। আটককৃত মনিকা নামের হিজরা জানান, তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেহরীপূর্বপাড়া গ্রামে। তিনি আগে পুরুষ ছিলেন। তখন নাম ছিল কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সাথে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঔরষে জীম (০৪) নামের ওই কন্যা সন্তান জন্ম জন্মগ্রহণ করে। এরপর কামরুলের শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারনে তার স্ত্রী পপি খাতুন তাকে ছেড়ে তার চাচাতো ভাইয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করে চলে যায়। ২০১৮ সালে তিনি হিজরায় পরিনত হয়ে নিজের নাম রাখেন মনিকা। এরপর থেকেই তিনি তার কন্যা সন্তানটিকে লালন পালন করছেন।
সে শনিবার ঢাকা থেকে গ্রামের বাড়ি জামালপুরে আসে তার মেয়েকে নিয়ে। বুধবার ঢাকায় ফেরার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সাধারণ জনগণ তাকে ছেলে ধরা সন্দেহে আটকে রেখে, খবর দিলে পুলিশ এসে ফাঁড়িতে নিয়ে আসে। টাঙ্গাইল সদর থানার ওসি তদন্ত মো. শামীম হোসেন জানান, মনিকা তার মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। হিজরার কোলে সন্তান দেখে বাসে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। এরপর এক নারী যাত্রী ৯৯৯ ফোন করে জানায়। পরে তাকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহমূলকভাবে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ খবর পেয়ে হিজরা চামেলির নেতৃত্বে কয়েজন হিজরা থানায় হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এসময় তিন হিজরাকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। তিনি আরো জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রী পপি খাতুন খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে আসে। তার সাথে কথা বলে জানা গেছে যে সন্তান তাদেরই। তার স্বামীর শারীরিক পরিবর্তন হওয়ায় তিনি তাকে তালাক দিয়েছেন। এ কারনে তার সন্তানটি স্বামী কামরুজ্জান ওরফে মনিকার কাছেই থাকে। এজন্য মনিকাকে ছেড়ে দেয়া হয়েছে। আর আটককৃত তিনজনের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।