কক্সবাজারঃ
“আমি বিশ্বাস করি, প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার অধিকার আছে। তারা স্কুলে যাবে, নিজেকে গড়ে তুলবে—বিয়ের পিঁড়িতে বসবে না ছোটবেলায়। বাল্যবিবাহকে না বলতে হলে আগে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।”
— বলেন সাইমা আক্তার, উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স (WLCR) প্রকল্পের নারী স্বেচ্ছাসেবক।
১৬ জুলাই পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। এই উপলক্ষে কক্সবাজার জেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝের পাড়ায় আয়োজন করা হয় সচেতনতামূলক কর্মসূচি, যার আয়োজক ছিল পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল। উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ আয়োজনে অংশ নেন স্থানীয় জনগণ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রকল্প কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আয়োজনটি সাজানো হয়। তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের মাঝে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তাদের সচেতন করে তোলা হয়।
স্বেচ্ছাসেবক আব্দুল মনির নাবিল বলেন, “বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশবই কেড়ে নেয় না, এটি পুরো সমাজের ভবিষ্যৎকেও দুর্বল করে তোলে। আমরা চাই, প্রতিটি সন্তান নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাক। তাই সচেতনতা ছড়ানো এখনই সবচেয়ে জরুরি।”
এ আয়োজনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ, নারীর অধিকার, এবং বিশেষ করে বাল্যবিবাহ রোধে সামাজিক অংশগ্রহণ ও দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরা হয়।
পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহায়তায় বাস্তবায়িত উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর নেতৃত্ব তৈরি করার পাশাপাশি, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রেখে চলেছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি তারই একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ।