বিশেষ প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাস গমন উপলক্ষে আয়োজিত পার্টিতে যোগ দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ৩৯জন কিশোরকে আটক করা হয়েছে। বুধবার ১০ই সেপ্টেম্বর রাতে উপজেলা মুন্সিরহাটে উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেশন হলে এই ঘটনা ঘটে । রাতভর জেরা ও যাচাই- বাছাই শেষে ভোরে তাদের পরিবারে জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আনন্দপুরের বরকতউল্লাহ সমাজের বাসিন্দা সৌদি প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর জীবিকার তাগিদে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে মুন্সীরহাটস্থ উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে খাওয়া ও আড্ডার আয়োজন করেন। বুধবার রাতে অনুষ্ঠান চলাকালীন সময়ে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কিছু লোকজন ওই কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে আটক করে পুলিশে খবর দেন।
এ সময় ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন এলাকা থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ জন কিশোর সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে দীর্ঘ সময় জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরবেলায় অভিভাবকদের জিম্মায় এ কিশোরদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম ফর রহমান, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, আনন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ এসহাক, আনন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু ও বিএনপি নেতা সাবলু উপস্থিত ছিলেন।