বিশেষ প্রতিনিধি
ফ্রি ওয়াইফাই না দেওয়ায় ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে বেধড়ক পেটালেন পুলিশের এক কর্মকর্তা! ঘটনাটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। ঘটনার পর উত্তেজিত জনতা ফাঁড়ি ঘেরাও করলে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। প্রত্যাহার হওয়া ওই পুলিশ কর্মকর্তা হলেন, উপ-পরিদর্শক নাজমুল হাসান। ফাঁড়ির ইনচার্জ ছিলেন তিনি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মেরুং বাজারের ওয়াইফাই ব্যবসায়ী মো. ইসমাইল হোসেনকে (২৭) ফাঁড়িতে ডেকে নেন ইনচার্জ এসআই নাজমুল। এরপর কক্ষে আটকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, ফ্রি ওয়াইফাই সংযোগ দিতে অস্বীকার করায় আমাকে ফাঁড়িতে ডেকে নিয়ে পিটিয়েছে। আমার দুই হাতে জখম হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ত্রিলক চাকমা বলেন, হাতে আঘাতপ্রাপ্ত অবস্থায় রোগীকে আনা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে এসআই নাজমুল দাবি করেন, ব্যবসায়ীর সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছে, শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি মিথ্যা।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি শান্ত করা হয়েছে। আহত ব্যবসায়ীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে