বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (নিট) যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ত্রৈমাসিক উপজেলা সমন্বয় কমিটির (ইউসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাঁশখালী অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের উপজেলা ম্যানেজার সাজ্জাদুল ইসলাম।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কালাম, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নুরীসহ বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় নিট যুবকদের চাহিদাভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
EARN প্রকল্পের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা যুবকদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে YPSA মাঠপর্যায়ে কাজ করছে। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে Save the Children Bangladesh এবং অর্থায়ন করছে বিশ্বব্যাংক।
সভায় স্থানীয় পর্যায়ে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।