রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসান আকন্দ ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শশাঙ্ক ঘোষ(জিতু) ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান আকন্দ জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন আগাম শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের প্রান্তিক ৬৮৫ কৃষকদের মাঝে ২টি ক্যাটাগরিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা কৃষি বিভাগ। যেখানে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য ২৪০ জন কৃষক বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলা, বাটিশাক এবং মাঠে চাষের জন্য ৪৪৫ জন কৃষক লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ ও রাসায়নিক সার পাবেন।