নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ১৬ পয়সা। সে হিসেবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৮ পয়সা।
চলতি বছরের ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৭ পয়সা। সে হিসেবে এনএভি বেড়েছে ১ টাকা ৩১ পয়সা।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৭৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
২০২০ সালেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৬৬৪টি। এর মধ্যে ৫১ দশমিক ০৯ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৬২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে শূণ্য দশমিক ০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৮ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি