আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় দিনদুপুরে ভাড়া বাসার তালা ভেঙে অভিনব কায়দায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, সুমি শীল নামের এক প্রবাসীর স্ত্রী ছেলের পড়ালেখার সুবিধার্থে সদর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ছেলেকে স্কুলে দিতে যায়। এসময় বাসার দরজায় লাগানো তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ ও ৩৮ হাজার টাকা নিয়ে যায়। পরে এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
আটককৃতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের আহমদ কবির মাষ্টারের বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩১)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বাসার তালা ভেঙে চুরির ঘটনায় অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই চোরকে শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি চোরাই হওয়া মালামালও উদ্ধার করা হয়।