মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে খাইরিয়া মাদ্রাসার সহযোগীতায় দ্বিতীয় ধাপে ১৫০০ জন শিক্ষার্থীদেরকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ায় অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপন করে রায়পুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাদ্রাসার শীততাপ নিয়ন্ত্রিত দুটি কক্ষে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছেন।
টিকা কার্যক্রমকালে উপস্থিত ছিলেন, মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক সুহাইল সালেহ, সহকারী পরিচালক হাসান মাহমুদ ফয়সাল, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও স্থানীয় ইউপি সদস্য হাফেজ মোঃ ইসহাক, স্বাস্থ্য সহকারী আব্দুল জব্বার, মোজাহের ইসলাম, সাইফুল হক, ফরিদুল আলম প্রমুখ।
মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক সুহাইল সালেহ বলেন, রায়পুর ইউনিয়নের শিক্ষার্থীদের সুবিধার্থে ও শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা প্রদানের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক টিকা কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসাকে বেচে নিয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এতে সুন্দর পরিবেশে দ্বিতীয় ধাপে ১৫০০ জন শিক্ষার্থীরা টিকা নিয়েছে। ভবিষ্যতেও সরকারের বিভিন্ন কার্যক্রমে খাইরিয়া মাদ্রাসার পক্ষে সার্বিক সহযোগিতা করবে।