মোহাম্মদ নেজাম উদ্দিন,আনোয়ারা প্রতিনিধি:
গত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় ওমকার দত্ত (৩৬) হত্যার মামলার দুই আসামীকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছেন আনোয়ারা থানা পুলিশ। গত ১১ জানুয়ারি গভীর রাতে মানিকছড়ি উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরের গহীণ পাহাড়ের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেতারকৃতরা হলেন মামলার ২ ও ৩ নম্বর এজাহারনামীয় আসামী রণজিৎ সরকার মনা (৪৫) ও রিটন সরকার (৪০)। গ্রেফতারকৃত আসামীরা পরদিন ভারতে পাড়ি জমানোর উদ্দেশ্যে রাতে ঐ পাহাড়ে অবস্থান নিয়েছিল। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শণাক্ত করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই স্ঈাদ। রাতেই আসামীদ্বয়কে আনোয়ারা থানায় নিয়ে আসা হয়। সকালে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা এক পর্যায়ে পুলিশের কাছে ওমকার হত্যার লোমহর্ষক বর্ণণা দেন। আজকে তাদেরকে আদালতে সোপর্দ করবেন বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন বর্তমান মেম্বার ধণ্জয় বিশ্বাস ভোলার সমর্থক ওমকার দত্তকে পিটিয়ে হত্য করে। পরদিন রাতে ওমকারের পিতা বাদী হয়ে মেম্বার রঘুনাথ সরকারসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী দুই আসামী রঘুনাথ সরকার ও নিশান বড়–য়া পলাতক রয়েছে। পুলিশ তাদের দুইজনকেও গ্রেফাতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাঈদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের প্রযুক্তির মাধ্যমে আমরা নজরদারিতে রেখেছি। গতকাল রাতে তাদের সর্বশেষ অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামি। একটি সফল অভিযানের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। বাকী দুই আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।