নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় ছিল ৭১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৪২ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫১ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯টি। এর মধ্যে ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






