নিজস্ব প্রতিবেদক : ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার ক্রয় এবং অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে মামুন আজিম নামে এক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে তদন্ত ৩ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, গঠিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দিয়েছে কমিশন।
৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. মাসুদ খান।
বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অবৈধ, বেআইনি এবং অসৎ কাজের যে অভিযোগ উঠেছে তা হাইকোর্টের নির্দেশে তদন্ত করা প্রয়োজন। অভিযুক্তরা শেয়ার ক্রয়ের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং এবং অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭ক অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটি ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার ক্রয়সহ অন্যান্য অভিযোগ খতিয়ে দেখবে। এ জন্য তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তাদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিএসইসিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করতে হবে।






