নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ইবনে সিনা সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩০ জুন ২০২১ সর্বশেষ বছরে ইবনে সিনা লিমিটেডের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১২ টাকা ৫৬ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ২৪ শতাংশ।
অন্যদিকে গত ৩০ জুন, ২০২১ তারিখে ইস্টার্ন হাউজিং লিমিটেডের সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৫৬ টাকা ৮৮ পয়সা।
এ সময় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৭ টাকা ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৯২ পয়সা।
আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ২০২১ তারিখ সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে (১৮ অক্টোবর) সোমবার। আগের বছর কোম্পানিটি ৩৮.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৪৬ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭ টি। এর মধ্যে ৪৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ০৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি