কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
বিনা কারণে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ফের অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জারটেকে অবস্থিত এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ৪৭ জন কর্মী।
শনিবার (৯ আগস্ট) সকাল ৮ টার দিকে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় অবস্থিত কারখানাটির সামনে অবস্থান কর্মসূচি করেছেন চাকুরীচ্যুত কর্মীরা।
কর্মচারীরা জানায়, শনিবার ২৬ জুলাই সকালে তারা অন্য দিনের মতো কর্মস্থলে গেলে কারখানার গেইটের ভিতরে তাদের নাম ও আইডি নম্বরসহ একটি নোটিশ দেখতে পান।
নোটিশে বলা হয়, কারখানা কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করেছে। তবে নোটিশে চাকরিচ্যুতির ব্যাপারে কোনো কারণ দেখানো হয়নি।
তারা বলেন, আমাদের কারখানায় নিয়মিত উৎপাদন কাজ চলছে। সকাল থেকে মালামাল পরিবহনের জন্য গাড়ি চলাচল করছে। এ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ থাকা সত্বেও কর্মচারীরা নিজ কর্মস্থলে বহাল রয়েছে। কোন অপরাধে আমাদের চাকুরীচ্যুত করেছে কতৃপক্ষের কাছে আমরা জানতে চায়।তারা আরো বলেন, হঠাৎ করে চাকুরী থেকে ছাঁটাই তার কোন কারণ খুঁজে পাচ্ছি না। এ অবস্থায় আমরা কোথায় যাবো। আমরা ৮-১২ বছর যাবত এ প্রতিষ্ঠানে চাকুরী করছি। এ চাকুরী ছাড়া উপার্জনের বিকল্প কোন উপায় আমাদের কাছে নাই । আমরা ৪৭ জন কর্মী। আমাদের পরিবারও রয়েছে। আমাদের চাকুরীচ্যুত না করার জন্য মালিকপক্ষের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। অন্যথায়, আমাদের বিক্ষোভ চলতে থাকবে।
এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের জিএম. ইঞ্জিঃ রফিককুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে কারখানায় উৎপাদন সমস্যা চলছে। মালিকপক্ষ গত ১১ মাস পর্যন্ত কর্মচারীর বেতন চালিয়ে গেছে। এখন মালিকপক্ষ অপারগতা জানিয়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, তারা অস্থায়ী কর্মচারী। তাদেরকে কোন নিয়োগ পত্র দেওয়া হয়নি। কাজ চললে তারা বেতন পাবে। অন্যথায়, মালিকপক্ষ তাদেরকে যেকোনে সময় চাকুরী থেকে অব্যাহতি দিতে পারবে।
এসময় বিক্ষুব্ধ কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে কর্ণফুলী ইন্ডাস্টিয়াল পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর সওকত ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শরীফ ঘটনাস্থলে আসেন। তাঁরা মালিক পক্ষের সাথে কথা বলে তাদেরকে সমঝোতায় বসানো চেষ্টা করেন। তার প্রেক্ষিতে আগামী সোম-মঙ্গল বার যেকোনো দিন কর্মীদের সাথে সরাসরি কথা বলে সমস্যা সমাধানে জন্য বলেন।
এ বিক্ষোভ সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলমান ছিলো। এতে উপস্থিত ছিলেন নুর জামাল, কাশেম, আরিফ, ইমাম, আলাউদ্দীন ও শফিসহ চাকুরীচ্যুত সকল কর্মীরা। তাদের একটাই দাবি চাকুরী ফিরিয়ে দেন। অন্যথায়, আমরা পরিবার-পরিজন নিয়ে আরো কঠোর আন্দোলন-কর্মসূচি গ্রহন করবো।