আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস। প্রতিবছরের মতো এ বছরও ২৮ এপ্রিল নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’।
দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তার লক্ষ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ নামে একটি আইন প্রণয়ন করে। আইনের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়। ২০০৯ সাল থেকে এ কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়। তবে ২০১৩ সাল থেকে দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে।
দরিদ্র অসহায় মানুষকে আইনি সেবা দিতে দেশের প্রতিটি জেলায় জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে একটি করে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টেও এ সংক্রান্ত একটি কমিটি রয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস উপলক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ‘জাতীয় আইনগত প্রদান সহায়তা সংস্থা’ বিনা ফিতে ৭ লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের (মামলা-পূর্ব ও মামলা-পরবর্তী) ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে।
এ সময়ে সংস্থাটি ২ লাখ ৯৯ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ দিয়েছে। একই সময়ে ৩ লাখ ১৮ হাজার ৭৩২ জনকে মামলায় আইনগত সহায়তা দিয়েছে। এ ছাড়া সংস্থাটি ৫৬ হাজার ৮৭৪টি বিরোধ বা মামলা এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতিতে নিষ্পত্তি করেছে।
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতেই এই দিবসের উদ্ভব।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আদালত সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সীমিত পরিসরে দিবসটি উদযাপন করা হয়। দিবস উদযাপন উপলক্ষ্যে আদালত ভবন আলোকসজ্জা করন, আদালত চত্বরে আলপনা অংকন, ব্যান্ড পার্টি, সুসজ্জিত ঘোড়ার গাড়ি সম্বলিত বর্ণাঢ্য র্যালী ও সেরা প্যানেল আইনজীবী ও ইন্টার্নদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ ইসমাইল স্যার। র্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক বৃন্দ, জেলা লিগ্যাল এইড অফিসার, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার বিচার বিভাগের বিজ্ঞ বিচারক বৃন্দ, বিজ্ঞ আইনজীবী,সাংবাদিক, এনজিও কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে।
এছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়ে মানব বন্ধন, রিকশা র্যালি, কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ইপসা।