কক্সবাজার, ১৮ মার্চ ২০২৫: জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস, কক্সবাজার-এর নেতৃত্বে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ‘‘ডিআরআর কোর্ডিনেশন গ্রুপ (DRR Coordination Group)’’-এর প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি ১৮ মার্চ ২০২৫, বিকাল ৩.৩০ টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো: জাহাঙ্গীর আলম।
কক্সবাজার জেলায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সাড়াদান কার্যক্রমে নিয়োজিত স্থানীয়, আন্তর্জাতিক এবং জাতিসংঘভুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন, যৌথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, এবং স্বল্প সম্পদের মাধ্যমে কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিচালনা করাই এই সমন্বয় দলের মূল উদ্দেশ্য। এছাড়া, ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার (EOC) শক্তিশালীকরণ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহায়তা প্রদানেও এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় সদস্যরা দলের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, দায়-দায়িত্ব, সদস্যপদ, নিয়মিত সভার সূচি নির্ধারণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সার্বিক সমন্বয়ের বিষয়ে মতামত প্রদান করেন। পাশাপাশি, একটি খসড়া নীতিমালা/ দল পরিচালনার নীতি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপসা, সেড, একশনএইড, সিআইএস, এডিপিসি, কেয়ার, আইআরসি, ইসলামিক রিলিফ, প্লান ইন্টারন্যাশনাল, কারিতাস, জার্মান রেডক্রস, এমেরিকান রেডক্রস, আইএফআরসি এবং ইউএনডিপি
সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ডিআরআর কোর্ডিনেশন গ্রুপের মাধ্যমে কক্সবাজারের বহুমুখী দুর্যোগ মোকাবেলায় ঝুঁকি হ্রাস, প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম আরও সুসমন্বিতভাবে সম্পন্ন হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো: জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলায় নবনির্মিত দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র এবং ইমার্জেন্সি অপারেশন্স সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং ডিআরআর কোর্ডিনেশন গ্রুপের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
ডিআরআর কোর্ডিনেশন গ্রুপের পরবর্তী সভা আগামী ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।