শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জয়নাল আবেদীনঃ আইনগত সহায়তা সবার জন্য—এই মূলমন্ত্রকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল) জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বেলুন ও কবুতর উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে ছিল বাদ্যযন্ত্র ও ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির অংশগ্রহণ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ বলেন, “অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি খরচে আইনি সহায়তা পৌঁছে দিতে হবে, যাতে সবাই আইনের সমান সুযোগ পায়—এটাই তাদের সাংবিধানিক অধিকার।”

তিনি আরও বলেন, মামলা না করে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি অনেক বেশি কার্যকর ও সময়োপযোগী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আখতার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান গণি, জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি, সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ বিচার বিভাগ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনজীবী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

সভায় উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এ উপলক্ষে প্রদর্শিত হয় লিগ্যাল এইড কার্যক্রমভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে ধর্মীয় সহনশীলতার নিদর্শন হিসেবে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল: রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসেবা, লিগ্যাল এইড মেলা, আইনি বইয়ের স্টল এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান।

দিবসটি সফলভাবে উদযাপন করায় জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অফিসার সাজ্জাতুন নেছা লিপি। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর