মোঃ সিরাজুল ইসলাম, কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ৩ মাসের শিশুর মৃত্যু। মা-সহ আহত ৩ জন। এই ঘটনায় এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত ২ টায় উপজেলার বড়উঠান ৫ নং ওয়ার্ডস্থ শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশু মোঃ আরমান ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ২ জনও স্থানীয় চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।ললল
নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, হাতির আক্রমণে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমার স্ত্রী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এভাবে হাতির আক্রমণে আর কারো প্রাণহানি হোক তা চাই না। এলাকার মানুষের নিরাপত্তার খাতিরে যত দ্রুত সম্ভব এখান থেকে হাতি সরানোর জোরদাবি জানাচ্ছি।
উক্ত ঘটনার প্রতিবাদে এলাকাজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয়দের অভিমত, এর জন্য কর্ণফুলী ইপিজেড’র কর্মকর্তারা দায়ী। কেননা, ইপিজেড এলাকার পাহাড় ও গাছ কেটে কারখান তৈরির ফলে বন্য হাতির খাদ্য ও আবাসস্থল ধ্বংস হচ্ছে। যার ফলশ্রুতিতে হাতি খাদ্যের সন্ধানে এলাকায় হানা দিচ্ছে।
সকালে ৬টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ৭ ঘন্টা সড়ক বন্ধ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে কেপিজেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মকর্তা- কর্মচারী ও সাধারন যাত্রী ভোগান্তিতে পড়েছে।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম বলেন, আপনাদের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। উপস্থিত প্রশাসন ও বন কর্মকর্তার প্রতি অনুরোধ যত দ্রত সম্ভব এর সমাধান বের করে এলাকাবাসীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।
উপজেলা বন কর্মকর্তা বলেন, হাতির বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। তারাও চেষ্টা করে যাচ্ছে এ অবস্থার অবসান ঘটাতে। তবে, সময় লাগবে বলেও জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, আগামী এক সপ্তাহর মধ্য এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এবং এক মাসের মাথায় তা বাস্তবায়নের চেষ্টা থাকবে।
এদিকে বিক্ষোভকারীদের এক দফা এক দাবি হয়তো বন্য হাতি সরান না হয়তো আমাদের সরিয়ে নেন। তা না হলে আন্দোলন আরো বেগবান হবে।